চাঁদপুর প্রতিনিধি:
প্রায় ১২০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী চাঁদপুর পৌর দাতব্য চিকিৎসালয়ের সংস্কার, পুনঃনির্মাণ ও আধুনিকায়ন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পুরাণবাজার বাকালী পট্টি এলাকায় এই উন্নয়ন কাজের উদ্বোধন করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।
উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, পুরাণবাজারের মানুষের সঙ্গে এই চিকিৎসালয়টির দীর্ঘদিনের আবেগ ও স্মৃতির সম্পর্ক রয়েছে। দীর্ঘদিন ধরে ভবনটি জরাজীর্ণ অবস্থায় থাকায় সাধারণ মানুষের কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছিল। এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল পুরোনো এই চিকিৎসালয়টিকে নতুনভাবে আধুনিক ও কার্যকর করার। সেই লক্ষ্যেই সংস্কার ও পুনঃনির্মাণের কাজ শুরু হয়েছে।
তিনি আরও বলেন, চিকিৎসা মানুষের অন্যতম মৌলিক অধিকার। বিশেষ করে নিম্নআয়ের মানুষ যাতে কোনোভাবেই অর্থাভাবে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হন, সেদিকে বিশেষ নজর দিতে হবে। কেবল ভবন সংস্কার করলেই হবে না; এখানে নিয়মিত চিকিৎসক, পর্যাপ্ত ওষুধ এবং রোগীদের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। জনগণের টাকায় পরিচালিত এই প্রতিষ্ঠানটি যেন অসহায় ও দরিদ্র মানুষের আস্থার নির্ভরযোগ্য ঠিকানা হয়ে ওঠে, সেটাই আমাদের মূল লক্ষ্য।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও চাঁদপুর পৌরসভার প্রশাসক মো. এরশাদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীন এবং চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম.এন. জামিউল হিকমা।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাদ্রী খীসা, নির্বাহী কর্মকর্তা নূর আজম বীন আখতার, চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সিনিয়র সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী সুজিত বড়ুয়া, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা।








