নিজস্ব প্রতিবেদক:
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন (কপ-৩১)-এ যোগ দিতে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে পৌঁছানোর পরই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে এক গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন তিনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় সোয়া ৭টায় আন্তালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে এ বৈঠক শুরু হয়। চলে রাত পৌনে ৮টা পর্যন্ত। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পারস্পরিক সহযোগিতার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তিন দিনের সরকারি সফরে এদিন তুরস্কে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জোবাইদা রহমান। সম্মেলনে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জোরালো দাবি এবং বৈশ্বিক উষ্ণতা হ্রাসে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী।














