স্টাফ রিপোর্টার:
দেশের অন্যতম জাতীয় দৈনিক ‘বাংলাবাজার পত্রিকা’র অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর পদমর্যাদায় মফস্বল সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন চাঁদপুরের কৃতি সন্তান ও অভিজ্ঞ সাংবাদিক আহমেদ শাহেদ। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে মাঠপর্যায়ের সাংবাদিকতা, টেলিভিশন, অনলাইন সংবাদমাধ্যম এবং উন্নয়ন খাতে নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে কাজ করে তিনি নিজেকে একজন দক্ষ সংবাদ সম্পাদক ও কলামিস্ট হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
ফুয়াং গ্রুপের মালিকানাধীন দৈনিক বাংলাবাজার পত্রিকায় মফস্বল সম্পাদক হিসেবে তিনি দেশের বিভিন্ন প্রান্তের সংবাদ সংগ্রহ, নির্বাচন, সম্পাদনা ও সংবাদ ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তৃণমূল পর্যায়ের সাংবাদিকতার দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি স্থানীয় জনপদের সমস্যা, সম্ভাবনা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো জাতীয় পর্যায়ে তুলে ধরতে অগ্রণী ভূমিকা রাখছেন।
চাঁদপুরের ঐতিহ্যবাহী তালতলা করিম পাটওয়ারী বাড়ির সন্তান আহমেদ শাহেদ ১৯৮৬ সালের ১০ মার্চ চট্টগ্রামের পাহাড়তলী এলাকার আমবাগান রেলওয়ে অফিসার্স কোয়ার্টারে জন্মগ্রহণ করেন। অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মকর্তা মরহুম আব্দুল জব্বার পাটওয়ারীর কনিষ্ঠ পুত্র এবং সর্বজনশ্রদ্ধেয় মরহুম আব্দুল করিম পাটওয়ারীর ছোট ভাই তিনি। বাবার চাকরির সুবাদে শৈশব চট্টগ্রামে কাটলেও ১৯৯৫ সালে সপরিবারে চাঁদপুরের পৈতৃক নিবাসে ফিরে আসেন। পরবর্তীতে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২০০৩ সালে এসএসসি এবং চাঁদপুর সরকারি কলেজ থেকে ২০০৫ সালে এইচএসসি ও ২০০৯ সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
২০০৪ সালে দৈনিক চাঁদপুর সংবাদ পত্রিকার মাধ্যমে পেশাদার সাংবাদিকতায় হাতেখড়ি হয় তাঁর। এরপর দৈনিক চাঁদপুর জমিনে সিনিয়র স্টাফ রিপোর্টার এবং দৈনিক চাঁদপুর দর্পণে মফস্বল সম্পাদক হিসেবে কাজ করেন। ২০১১ সালের শেষ দিকে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনে রিপোর্টার হিসেবে যোগদানের মাধ্যমে ইলেকট্রনিক মিডিয়ায় যাত্রা শুরু করেন এবং ২০১৬ সালে নাগরিক টেলিভিশনে যোগ দেন।
পরবর্তীতে অনলাইন ও প্রিন্ট মিডিয়ার নীতিনির্ধারণী বিভিন্ন পদে কাজ করেন আহমেদ শাহেদ। তিনি আমাদেরসময় ডটকমে সিনিয়র সাব-এডিটর, এসবিসি৭১ ডটকম ও দৈনিক দ্য ডেইলি মেসেঞ্জারে কান্ট্রি এডিটর, বার্তাবাজারে হেড অব নিউজ এবং ২০২৫ সালে দৈনিক দ্য পিপল পত্রিকায় সিনিয়র স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেন।
সাংবাদিকতার পাশাপাশি তিনি জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর একটি প্রকল্পে ম্যানেজার হিসেবে কক্সবাজারে প্রায় দুই বছর এবং পরবর্তীতে একটি সরকারি প্রকল্পের মিডিয়া শাখায় কাজ করেছেন। এ ছাড়া ২০১৬ সালের ৩ জানুয়ারি থেকে একজন পেশাদার ভয়েস আর্টিস্ট হিসেবেও তিনি পরিচিত। বাংলাদেশের ইতিহাস, নদীকেন্দ্রিক সভ্যতা, কৃষি ও অর্থনীতি নিয়ে গভীর অনুসন্ধানী লেখালেখি এবং তথ্যের নির্ভুলতা বজায় রেখে মানুষের কথা তুলে ধরাই তাঁর পেশাগত জীবনের মূল লক্ষ্য।














