স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ কারিগরি শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের নতুন কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত বুধবার (১৫ এপ্রিল) ঐক্যজোটের সমন্বয়ক জাকির হোসেন ও চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়া ১০ সদস্যবিশিষ্ট এই শক্তিশালী কমিটির অনুমোদন প্রদান করেন।
নতুন এই কমিটিতে অধ্যক্ষ মো. জাকির হোসেন আকন্দকে চেয়ারম্যান এবং অধ্যক্ষ মো. হারুনুর রশিদ গাজীকে মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৭ অক্টোবর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অডিটোরিয়ামে সংগঠনটির কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের দীর্ঘ সাত মাস পর যাচাই-বাছাই শেষে এই পূর্ণাঙ্গ সাংগঠনিক কমিটি ঘোষণা করা হলো।
অনুমোদিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনজন। তারা হলেন— অধ্যক্ষ মোহাম্মাদ লোকমান হোসেন (সাপান টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ), অধ্যক্ষ সাহাবুদ্দিন সোহাগ (কাশবন বিএম অ্যান্ড পলিটেকনিক ইন্সটিটিউট) এবং অধ্যক্ষ মাহমুদুল আলম মাহমুদ (এম এ মাহমুদ টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ)।
সংগঠনটির যুগ্ম মহাসচিব হিসেবে মনোনীত হয়েছেন ইঞ্জিনিয়ার মো. আলমগীর হোসেন (কমলাপুর রেলওয়ে উচ্চ বিদ্যালয়) ও ইঞ্জিনিয়ার মো. সাজেদুল আলম (আলী হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়)।
এ ছাড়া কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম (কৈচর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ)। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন দুজন— অধ্যক্ষ মো. গোলাম মোস্তফা (পার্বতীপুর কারিগরি ও বাণিজ্যিক কলেজ) এবং অধ্যক্ষ আবুল হাসনাত মো. কামরুজ্জামান মুকুল (সিটি টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ)।
নতুন এই কমিটির নেতৃবৃন্দ কারিগরি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং শিক্ষক-কর্মচারীদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। দীর্ঘ প্রতীক্ষিত এই কমিটি অনুমোদনের ফলে সংগঠনটির কার্যক্রমে আরও গতিশীলতা আসবে বলে মনে করছেন সাধারণ শিক্ষক ও কর্মচারীরা।








