Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • ​খুলনায় পুলিশ লাইনে নিজের গুলিতে কনস্টেবল নিহত, তদন্তে পুলিশ

​খুলনায় পুলিশ লাইনে নিজের গুলিতে কনস্টেবল নিহত, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিবেদক:

​খুলনা রেলওয়ে পুলিশ লাইনে দায়িত্বরত অবস্থায় নিজের ইস্যুকৃত অস্ত্রের গুলিতে সম্রাট বিশ্বাস (২৭) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। শনিবার (১৮ এপ্রিল) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে রেলওয়ে পুলিশ লাইনের ম্যাগাজিন গার্ড (অস্ত্রাগার) এলাকায় এ ঘটনা ঘটে।

​নিহত সম্রাট বিশ্বাসের বিপি নম্বর ৯৯১৮২১৪৯২৯। তার স্ত্রী পূজা বিশ্বাসও পুলিশ সদস্য হিসেবে সাতক্ষীরা জেলায় কর্মরত রয়েছেন বলে জানা গেছে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্রাট বিশ্বাস ভোরে অস্ত্রাগার এলাকায় পাহারার দায়িত্বে ছিলেন। ভোর সাড়ে ৪টার দিকে হঠাৎ গুলির শব্দ শুনে অন্য সহকর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে খুলনা রেলওয়ে জেলার পুলিশ সুপার (এসআরপি), সোনাডাঙ্গা থানা পুলিশ এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন।

​প্রাথমিকভাবে এটি আত্মহত্যা নাকি দুর্ঘটনা, তা নিয়ে ধোঁয়াশা থাকলেও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে নতুন তথ্য পাওয়া গেছে। সংশ্লিষ্ট এক পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, সিসিটিভি ফুটেজে দেখা গেছে সম্রাটের নিজের কাছে থাকা অস্ত্র থেকেই গুলিটি ছোড়া হয়েছে। তবে তিনি স্বেচ্ছায় ট্রিগার চেপেছেন নাকি অসাবধানতাবশত মিসফায়ার হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

​খুলনা রেলওয়ে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

​রেলওয়ে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন:

​”আমরা সব ধরনের আলামত সংগ্রহ করেছি। সিসিটিভি ফুটেজ এবং ফরেনসিক রিপোর্ট বিশ্লেষণ শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে বলা সম্ভব হবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা যাচ্ছে না।”

​এ ঘটনায় খুলনা পুলিশ মহলে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে এবং তারা খুলনার উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts