চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুর শহরের নতুন বাজার এলাকায় চালের মিলে বিশেষ অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে জালিয়াতি ও অনিয়মের অভিযোগে একটি চালের কলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (০৩ মে) দুপুরে অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এই অভিযান পরিচালনা করেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নতুন বাজার এলাকার ‘মেসার্স নিউ পূবালী অটো রাইচ মিলস’-এ তল্লাশি চালানো হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী নিম্নোক্ত অনিয়মগুলো ধরা পড়ে, নিজেদের মিলের বস্তার পাশাপাশি দেশের বিভিন্ন নামি-দামি মিলের নাম ও ঠিকানা সম্বলিত বস্তায় চাল প্যাকেটজাত করে বাজারজাত করা। পুরাতন চাল পুনরায় নতুন করে বাজারজাত করার উদ্দেশ্যে অবৈধভাবে সংরক্ষণ।চালের বস্তায় সরকার নির্ধারিত ‘মিলগেইট মূল্য’ উল্লেখ না করা।
এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে প্রশাসনিক ব্যবস্থায় ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ অভিযুক্ত প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে স্বেচ্ছায় পরিশোধ করা হয়।
অভিযান চলাকালে জালিয়াতির উদ্দেশ্যে রাখা বিভিন্ন মিলের নাম সম্বলিত বিপুল পরিমাণ খালি বস্তা জব্দ করে তা জনসম্মুখে ধ্বংস করা হয়। এসময় অভিযুক্ত প্রতিষ্ঠানের প্রতিনিধি শিমুল কুমার সাহা নিজের ভুল স্বীকার করেন এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করেন।
অভিযান শেষে বাজারের অন্যান্য প্রতিষ্ঠান পরিদর্শন করা হয় এবং ব্যবসায়ী ও ক্রেতাদের মাঝে সচেতনতামূলক লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। জেলা পুলিশের একটি চৌকস টিম এই অভিযানে সার্বিক নিরাপত্তা ও সহায়তা প্রদান করে।
সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, চালের বাজার স্থিতিশীল রাখা এবং ভোক্তাদের প্রতারণা থেকে রক্ষা করতে জনস্বার্থে এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।














