নিজস্ব প্রতিবেদক:
‘দেশ গড়তে জুলাই জাগরণ’- এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে কালিহাতী শাজাহান সিরাজ কলেজের সামনে আয়োজিত এ পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বর্তমান সরকার বা বিএনপি যদি শেখ হাসিনার মতো একদলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টা করে, তবে তাদেরও আওয়ামী লীগের মতো পরিণতির মুখোমুখি হতে হবে।
সারজিস আলম বলেন, ‘আমরা পরিবর্তনের জন্য রক্ত দিয়েছি। একদলকে ক্ষমতা থেকে সরিয়ে আরেক দলের লুটপাটের জন্য ছাত্র-জনতা জীবন দেয়নি। শেখ হাসিনার একটি রোগ ছিল—সবাই খারাপ, শুধু তিনি ভালো। বিএনপির আমলে আমরা এই রোগ হতে দেব না। বিএনপির সবাই খারাপ আর তারেক রহমান ভালো—এমন অন্ধ তোষামোদি বা একদলীয় মানসিকতা বরদাস্ত করা হবে না।’
বিএনপিকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, ‘বিএনপি আজ সরকারে আছে, তারা আমাদের অভ্যুত্থানের সহযোদ্ধা। তাদের ভালো কাজের প্রশংসা করব, কিন্তু কোনো ভুল করলে বা স্বৈরাচারী আচরণের চেষ্টা করলে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।’
জুলাই সনদ এবং সংস্কারের প্রসঙ্গ টেনে সারজিস আলম গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, সরকার গুমবিরোধী, মানবাধিকার ও দুর্নীতি দমন কমিশন (দুদক) সম্পর্কিত গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো বাতিল করেছে। সরকার এগুলো সংশোধন করে পুনরায় আনার কথা বললেও এর আড়ালে ক্ষমতা কেন্দ্রীভূত করার অপচেষ্টা থাকতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। তিনি অনতিবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান।
ভারতের আদানি গ্রুপের সঙ্গে চুক্তির সমালোচনা করে তিনি বলেন, ‘ক্যাপাসিটি চার্জের নামে বাংলাদেশ থেকে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এই ধরনের প্রকল্প থেকে সরে এসে দেশের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন নিশ্চিত করতে হবে।’
পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বাংলাদেশে ‘পুশ-ইন’-এর যে পরিকল্পনার কথা শোনা যাচ্ছে, তা দেশের সার্বভৌমত্বের জন্য চরম উদ্বেগজনক। এ সময় তিনি সীমান্ত নিরাপত্তা জোরদার ও বিজিবিকে আরও শক্তিশালী করার দাবি জানান।
পথসভায় কুড়িগ্রামের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ বলেন, ৩২টি রাজনৈতিক দল দীর্ঘ আলোচনার পর জুলাই সনদ প্রণয়ন করেছিল এবং দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ গণভোটে এর পক্ষে রায় দিয়েছিল। অথচ বর্তমান সরকার সেই সনদ ও সংস্কার প্রস্তাবকে অস্বীকার করছে।
তিনি আরও বলেন, ‘ক্ষমতায় আসার আগে বিএনপি দেড় বছরে এক কোটি কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু চার মাস অতিবাহিত হলেও এর কোনো দৃশ্যমান অগ্রগতি নেই, এমনকি সরকারের বাজেটেও কর্মসংস্থান সৃষ্টির কোনো সুস্পষ্ট রূপরেখা নেই।’
কালিহাতী উপজেলা এনসিপির সভাপতি মেহেদী হাসান বিন সিদ্দিকের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, ঘাটাইল উপজেলার সাবেক সংসদ সদস্য প্রার্থী হায়দার এবং ঘাটাইল উপজেলার প্রধান সমন্বয়কারী আনিস আহমেদ। সভায় এনসিপির বিভিন্ন স্তরের নেতাকর্মী ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।
আরো পড়ুন: https://banglaralo24tv.com/














