Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • জাতীয়
  • রাজনীতি ও গণমাধ্যমে জবাবদিহিতা শক্তিশালী করা জরুরি: তথ্যমন্ত্রী

রাজনীতি ও গণমাধ্যমে জবাবদিহিতা শক্তিশালী করা জরুরি: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

রাজনীতি ও গণমাধ্যম—উভয় ক্ষেত্রেই জবাবদিহিতা শক্তিশালী করা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি। তিনি বলেছেন, রাজনীতিবিদদের লক্ষ্য জনসেবা আর গণমাধ্যমের লক্ষ্য সংবাদ পরিবেশন। কিন্তু এই দুই ক্ষেত্রে সঠিক জবাবদিহিতার অভাব থাকলে জনস্বার্থ মারাত্মকভাবে বিঘ্নিত হয়।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে রাজধানীর প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পিআইবি ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের যৌথ উদ্যোগে ‘সাংবাদিকতায় জেন্ডার সংবেদনশীলতা’ বিষয়ক ম্যানুয়াল প্রকাশনার মোড়ক উন্মোচন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তথ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার স্বাধীন গণমাধ্যমে বিশ্বাসী। আমরা মনে করি, একটি শক্তিশালী ও স্বাধীন গণমাধ্যমই রাজনীতিবিদদের ক্ষমতাকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে পারে। শুধুমাত্র জবাবদিহিতার একটি শক্তিশালী সংস্কৃতি গড়ে তুললেই স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম নিশ্চিত করা সম্ভব।’

ইউটিউব বা সামাজিক মাধ্যমের জবাবদিহিতা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘বিমূর্ত কোনো কর্তৃপক্ষের কাছে জবাবদিহিতার কথা বলা অবাস্তব। জবাবদিহিতা হতে হবে সুনির্দিষ্ট অস্তিত্বসম্পন্ন কর্তৃপক্ষের কাছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বব্যাপী সুস্থ নীতিমালা ও নজরদারির প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।’

তিনি আরও জানান, গণমাধ্যমের বিদ্যমান সমস্যা সমাধানে সরকার কোনো একপাক্ষিক সিদ্ধান্ত চাপিয়ে দেবে না। অংশীজনদের সঙ্গে আলোচনার ভিত্তিতেই পদক্ষেপ নেওয়া হবে। এরই মধ্যে প্রধানমন্ত্রী সংবাদপত্র মালিকদের সঙ্গে বৈঠক করেছেন এবং পর্যায়ক্রমে সম্পাদক ও টেলিভিশন মালিকদের সঙ্গেও আলোচনা করা হবে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেন, ‘আইন থাকলেও প্রকৃত অগ্রগতির জন্য আমাদের মানসিকতার পরিবর্তন জরুরি। সাংবাদিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে।’

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শবনম মোস্তারী বলেন, ‘জেন্ডার সমতা কেবল নীতিমালায় সীমাবদ্ধ থাকলে চলবে না, এটি দৈনন্দিন চর্চায় ও গণমাধ্যমের ভাষায় প্রতিফলিত হওয়া জরুরি।’

পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, ‘গণমাধ্যমে নারীদের যেভাবে উপস্থাপন করা হয়, তা পরিবর্তন করা প্রয়োজন। এই ম্যানুয়ালটি সাংবাদিকদের একটি ভারসাম্যপূর্ণ উপস্থাপনার দিকনির্দেশনা দেবে।’

প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস বলেন, ‘গণমাধ্যম সমাজের দৃষ্টিভঙ্গি গঠনে বড় ভূমিকা রাখে। এই ম্যানুয়ালটি গণমাধ্যমকে আরও অন্তর্ভুক্তিমূলক ও দায়িত্বশীল করতে সহায়ক হবে।’

পিআইবির সহযোগী অধ্যাপক মনিরা শরমিনের উপস্থাপনায় জানানো হয়, এই ম্যানুয়ালটিতে জেন্ডার সংবেদনশীল ভাষার ব্যবহার, নৈতিক সাংবাদিকতা এবং অন্তর্ভুক্তিমূলক উপস্থাপনার ব্যবহারিক দিকনির্দেশনা দেওয়া হয়েছে। জ্ঞান, মনোভাব ও অনুশীলন—এই তিনটি ধাপের সমন্বয়ে এটি সাংবাদিকদের পেশাগত চর্চায় ইতিবাচক পরিবর্তন আনতে সহায়তা করবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা ও সমন্বয় করেন পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন। অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের কর্মী ও সংশ্লিষ্ট উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন: https://banglaralo24tv.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts