নিজস্ব প্রতিবেদক:
ওপার বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘দিদি নম্বর ওয়ান’-এর মঞ্চে নতুন সঞ্চালক হিসেবে যুক্ত হওয়ার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন স্বস্তিকা মুখার্জি। ক্যামেরার সামনে সবসময় হাসিমুখে ও সাবলীলভাবে অনুষ্ঠান পরিচালনা করলেও পর্দার আড়ালে বেশ কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে তাকে। দীর্ঘদিন ধরে এই শো-এর পরিচিত মুখ রচনা ব্যানার্জির জুতোয় পা গলিয়ে নতুন এই দায়িত্ব সামলাতে গিয়ে নানামুখী চ্যালেঞ্জের মুখে পড়েছেন অভিনেত্রী।
দৈনিক সম্প্রচারিত কোনো রিয়েলিটি শোয়ের সঞ্চালনা এবারই প্রথম করছেন স্বস্তিকা। সিনেমা বা ওয়েব সিরিজের শুটিংয়ে চরিত্রের সংলাপের নির্দিষ্ট পরিধি থাকলেও, নন-ফিকশন এই শো-এ দীর্ঘ সময় ধরে প্রতিযোগীদের সঙ্গে কথা বলতে হয় এবং অনর্গল কথা চালিয়ে যেতে হয়।
টানা কথা বলতে গিয়ে ইতিমধ্যে স্বস্তিকার গলায় ক্লান্তি ও টান ধরেছে। শুটিং সেটের কনকনে ঠান্ডা এসি এবং প্রচুর আলোর তীব্রতার মধ্যে ভারসাম্য বজায় রেখে কাজ করতে গিয়ে হিমশিম খাচ্ছেন তিনি। স্টুডিওর ভারী আলোর কারণে এসি বন্ধ রাখার উপায় না থাকায় ঠান্ডা পরিবেশে দীর্ঘক্ষণ থাকার ফলে তার গলায় ঠান্ডা লাগার সমস্যা দেখা দিয়েছে।
পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, শুটিং চলাকালীন প্রতিযোগী ও উপস্থিত দর্শকদের উদ্দেশে মজার ছলে অভিনেত্রী বলেন, ‘আমাকে ক্ষমা করবেন। নিজের মনে করে ক্ষমা করে দেবেন। আজ আমার গলাটা ব্যাঙের মতো শোনাচ্ছে।’
শারীরিক এই অস্বস্তি এবং কণ্ঠের ওপর বাড়তি চাপ তৈরি হওয়া সত্ত্বেও নিজের কাজ থেকে বিন্দুমাত্র পিছু হঠছেন না স্বস্তিকা। শারীরিক কষ্টকে পাশ কাটিয়ে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে তিনি প্রতিদিনের সঞ্চালনার কাজ চালিয়ে যাচ্ছেন। রচনা ব্যানার্জির তৈরি করা জনপ্রিয়তার মাপকাঠিতে নিজেকে মানিয়ে নিতে এবং দর্শকদের নতুন কিছু উপহার দিতে প্রতিদিন এক নতুন অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছেন এই গুণী অভিনেত্রী।
এই নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করে ‘দিদি নম্বর ওয়ান’-এর মঞ্চে স্বস্তিকা মুখার্জির এই যাত্রা দর্শকদের কতটা মন জয় করতে পারে, এখন সেটাই দেখার অপেক্ষা।









