চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর জেলা যুব মহিলা লীগের সভাপতি এবং চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ফরিদা ইলিয়াসকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (৮ জুলাই) সকাল ৮টার দিকে চাঁদপুর শহরের উত্তর শ্রীরামদী এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা রাখার অভিযোগে দায়েরকৃত একটি সন্ত্রাসবিরোধী মামলার এজাহারনামীয় আসামি।
পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদা ইলিয়াস চাঁদপুর শহরের রেলওয়ে বড় স্টেশন রেল শ্রমিক কলোনীর মৃত আব্দুল গফুর শেখের মেয়ে এবং সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনির অত্যন্ত বিশ্বস্ত অনুসারী হিসেবে পরিচিত। গত বছরের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। সম্প্রতি তিনি গোপনে নিজ বাসায় অবস্থান করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবিরের নেতৃত্বে সদর মডেল থানা পুলিশ তার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
উল্লেখ্য, গত ৮ জুন চাঁদপুর সদর মডেল থানায় উপ-পরিদর্শক (এসআই) আল-আমিন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে এই মামলাটি দায়ের করেছিলেন।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “আসামি ফরিদা ইলিয়াসকে দুপুরে চাঁদপুরের আদালতে সোপর্দ করা হয়েছে। বিজ্ঞ বিচারক শুনানি শেষে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।”
এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে বলেও থানা পুলিশ জানিয়েছে।
















