Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • সিলেটের সাদাপাথরে গোসল করতে নেমে চিকিৎসক নিখোঁজ

সিলেটের সাদাপাথরে গোসল করতে নেমে চিকিৎসক নিখোঁজ

সিলেটের সাদাপাথরে গোসল করতে নেমে চিকিৎসক নিখোঁজ

নিজস্ব প্রতিনিধি:

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ ‘সাদাপাথর’ পর্যটন কেন্দ্রে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন ডাক্তার সুব্রত সাহা বিকাশ (৩৩) নামে এক পর্যটক। গতকাল বৃহস্পতিবার (২ জুলাই) বেলা আড়াইটার দিকে বিজিবি ক্যাম্প সংলগ্ন ধলাই নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ সুব্রত সাহা লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার মিহির লাল সাহার ছেলে। তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আইসিইউ (ICU) চিকিৎসক হিসেবে কর্মরত আছেন। এছাড়া পেশাগত কারণে সপ্তাহে একদিন সিলেটের মৌলভীবাজারেও রোগী দেখতেন তিনি।

পুলিশ ও নিখোঁজের বন্ধুদের সূত্রে জানা যায়, ঢাকা থেকে চার বন্ধু মিলে সিলেটের বিভিন্ন পর্যটন স্থান ঘুরে দেখার জন্য আসেন। বৃহস্পতিবার দুপুরে তারা সাদাপাথর পৌঁছান। চার বন্ধুর মধ্যে আসিফ নামের একজন বাদে বাকি তিনজন বিজিবি ক্যাম্পের সামনে নদীতে গোসল করতে নামেন। সাঁতার কাটার একপর্যায়ে নদীর প্রবল স্রোতের মুখে পড়েন তারা। এসময় অন্য দু’জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও সুব্রত তীব্র স্রোতে তলিয়ে যান।

বন্ধুরা জানান, সুব্রতকে না পেয়ে তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে কোম্পানীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসকে জানানো হয়। গতকাল বৃহস্পতিবার রাতে তাদের সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে যাওয়ার কথা ছিল এবং সেই অনুযায়ী হাউজবোটের টিকিটও বুকিং করা ছিল। কিন্তু তার আগেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

ভোলাগঞ্জ ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর আব্দুল কাইয়ুম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাদাপাথরে গোসল করতে নেমে এক পর্যটক নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে ছুটে যাই। ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত, নিখোঁজ চিকিৎসকের সন্ধানে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। ধলাই নদীর তীব্র স্রোতের কারণে উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts