নিজস্ব প্রতিবেদক:
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে জেলার ছয়জন দক্ষ ও দায়িত্বশীল পরিবহন চালককে সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে এবং সংশ্লিষ্ট বিভাগগুলোর সহযোগিতায় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে চালকদের সচেতনতা, ট্রাফিক আইনের প্রতি শ্রদ্ধা এবং দায়িত্বশীল আচরণ অত্যন্ত জরুরি। দক্ষ ও সচেতন চালকরাই পারেন নিরাপদ সড়ক নিশ্চিত করতে দেশের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে।
আলোচনা সভা শেষে সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দায়িত্বশীলভাবে দীর্ঘদিন নিরাপদে যানবাহন পরিচালনার স্বীকৃতিস্বরূপ জেলার ছয়জন চালককে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
সম্মাননাপ্রাপ্ত ছয় পরিবহন চালক হলেন—আবুল কালাম মন্টু, শাহাদাত হোসেন, আব্দুল আজিজ ঢালী, লিটন খান, নূরুল আজম ফরহাদ এবং আব্দুল হালিম।
কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন, এই ধরনের স্বীকৃতি অন্যান্য চালকদেরও ট্রাফিক আইন মেনে চলতে এবং দায়িত্বশীলভাবে যানবাহন চালাতে উৎসাহিত করবে। সভায় জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।














