চাঁদপুর প্রতিনিধি:
চালকের আসনে হেলপার (সহকারী) বসে গাড়ি চালালে সংশ্লিষ্ট যানবাহনের রুট পারমিট বাতিল করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান। সড়ক দুর্ঘটনা রোধে চালকদের পাশাপাশি হেলপারদের প্রশিক্ষণের আওতায় আনার তাগিদ দিয়ে তিনি বলেন, যানবাহনের চালক ও সহকারীদের আচরণ হতে হবে নমনীয় ও দায়িত্বশীল। বিশেষ করে নারী ও শিশুদের সঙ্গে আচরণের ক্ষেত্রে আরও মানবিক হতে হবে।
বুধবার (২৮ অক্টোবর) ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬’ উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল— ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’।
সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটক থেকে এক বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সূচনা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় চাঁদপুরের জেলা প্রশাসক সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও দুর্ঘটনা কমানোর ওপর গুরুত্বারোপ করে বলেন, চালকদের দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি সিএনজিচালিত অটোরিকশা ও ইজিবাইকের ডান পাশ দিয়ে যাত্রী ওঠানামা বন্ধ করতে হবে। এ ধরনের ঝুঁকিপূর্ণ চলাচল বন্ধে জেলা প্রশাসন থেকে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
আলোচনা সভায় অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রাণী চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খাইরুল কবীর, বাবুরহাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মোশারফ হোসেন, চাঁদপুর ট্রাফিক পুলিশ বিভাগের ইন্সপেক্টর প্রবীর কুমার দাস, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদি, নিরাপদ সড়ক আন্দোলন চাঁদপুর জেলা শাখার সহসভাপতি ডি. এম. ফয়সাল এবং জেলা সড়ক শ্রমিক ফেডারেশনের সভাপতি বাবুল মিজি।
অনুষ্ঠান শেষে চালকদের দক্ষতা ও পেশাগত দায়িত্বশীলতার স্বীকৃতিস্বরূপ ছয়জন পরিবহনচালকের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।
দিবসটির বিভিন্ন কর্মসূচিতে চাঁদপুর জেলা স্কাউটস, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ), নিরাপদ সড়ক চাই (নিসচা), জেলা সড়ক শ্রমিক ফেডারেশন, ব্যবসায়ী সমিতি, পরিবহন মালিক সমিতিসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং সরকারি কর্মকর্তারা অংশ নেন।














