Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • আইন ও আদালত
  • সম্মিলিত প্রচেষ্টাই পারে পুলিশের ভাবমূর্তি শক্তিশালী করতে: আইজিপি

সম্মিলিত প্রচেষ্টাই পারে পুলিশের ভাবমূর্তি শক্তিশালী করতে: আইজিপি

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, নিজের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন এবং সম্মিলিত প্রচেষ্টাই পারে পুলিশ বাহিনীর ভাবমূর্তিকে আরও শক্তিশালী ও জনবান্ধব করতে। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি একটি চ্যালেঞ্জিং সময় অতিক্রম করলেও সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় তা এখন অনেকাংশে নিয়ন্ত্রণে এসেছে।

সোমবার (২০ এপ্রিল) রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরে আয়োজিত দুই দিনব্যাপী ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গত জানুয়ারি থেকে মার্চ ২০২৬ পর্যন্ত সিআইডির কার্যক্রম মূল্যায়নে এই সভার আয়োজন করা হয়।

আইজিপি সিআইডিকে দেশের অপরাধ তদন্ত ব্যবস্থার ‘এপেক্স বডি’ হিসেবে উল্লেখ করে বলেন, “সিআইডির তদন্ত কার্যক্রম নিয়ে জনগণের প্রত্যাশা অনেক উঁচুতে। তাই তদন্তের গতি, গুণগত মান এবং নির্দিষ্ট সময়ে মামলার নিষ্পত্তি নিশ্চিত করতে হবে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়মিত তদারকির পাশাপাশি তদন্তকারী কর্মকর্তাদের আরও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।”

পুলিশের নৈতিকতা প্রসঙ্গে আইজিপি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “ব্যক্তিগত স্বার্থ বা অনৈতিক কার্যকলাপের কারণে পুরো প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে দেওয়া হবে না। বাহিনীর ৯৯ শতাংশ সদস্যই সৎ ও দায়িত্বশীল। অল্প কিছু সদস্যের অনিয়মের কারণে যেন পুরো বাহিনীর ইমেজ নষ্ট না হয়, সেজন্য অভ্যন্তরীণ শৃঙ্খলা ও জবাবদিহিতা আরও জোরদার করতে হবে।” এসময় তিনি মাদক ও সাইবার অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশ দেন।

আইজিপি তাঁর বক্তব্যে সাম্প্রতিক জাতীয় নির্বাচনের প্রসঙ্গ টেনে বলেন, একটি সফল ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন উপহার দেওয়ার মাধ্যমে পুলিশ বাহিনীর সদস্যরা নতুন করে আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন এবং জনগণের প্রশংসা কুড়িয়েছেন। এই ধারাবাহিকতা বজায় রেখে অপরাধের মূল কারণ বিশ্লেষণ করে সমন্বিত উদ্যোগ নিতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিআইডি প্রধান ও অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদ (বিপিএম-সেবা)। তিনি বলেন, “একজন সদস্যের ভুলের জন্য পুরো বাহিনীর সুনাম ক্ষুণ্ন হওয়া গ্রহণযোগ্য নয়। আমরা অতীতের চ্যালেঞ্জিং সময় পেছনে ফেলে নতুন উদ্যমে এগিয়ে যেতে চাই।” তিনি ‘আমরা পারবো এবং আমাদের পারতেই হবে’—এই দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করার জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আহ্বান জানান। এছাড়া বিজ্ঞানভিত্তিক তদন্ত ও ক্রাইম সিন ব্যবস্থাপনায় ‘কুইক রেসপন্স টিম’ গঠনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সিআইডির বিভিন্ন ইউনিটের কর্মকর্তাদের সাহসিকতা ও কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ বিশেষ পুরস্কার প্রদান করা হয়। সিআইডি প্রধান জানান, কর্মস্পৃহা বাড়াতে এই পুরস্কারের পরিধি ভবিষ্যতে আরও বাড়ানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts