নিজস্ব প্রতিবেদক:
জাতীয় পর্যায়ে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬’। আজ ২ জুন ২০২৬ (মঙ্গলবার) মন্ত্রণালয়ের সভাকক্ষে টুর্নামেন্ট আয়োজনের লক্ষ্যে গঠিত কেন্দ্রীয় কমিটির এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপস্থিত থেকে টুর্নামেন্টের সার্বিক প্রস্তুতি ও রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করেন মাননীয় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সভায় বক্তারা দেশের তৃণমূল পর্যায় থেকে ফুটবল প্রতিভা সচরাচর সামনে নিয়ে আসার ক্ষেত্রে এই টুর্নামেন্টের গুরুত্ব তুলে ধরেন। ড. আ ন ম এহছানুল হক মিলন টুর্নামেন্টটি অত্যন্ত সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে আয়োজন করার জন্য সংশ্লিষ্ট সকলকে দিকনির্দেশনা প্রদান করেন।
উক্ত কেন্দ্রীয় কমিটির সভায় দেশের শিক্ষা ও ক্রীড়াঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহ্দী আমিন।
এছাড়াও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং বিভিন্ন সরকারি দপ্তরের সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ সভায় অংশ নেন।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশের সকল অঞ্চলের প্রাথমিক বিদ্যালয়ের বালক ও বালিকাদের অংশগ্রহণে উপজেলা ও জেলা পর্যায়ের সফল সমাপ্তির পর এবার জাতীয় পর্যায়ের চূড়ান্ত আসর বসতে যাচ্ছে। শিগগিরই এই টুর্নামেন্টের চূড়ান্ত সময়সূচি ও ভেন্যু আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।














