চাঁদপুর প্রতিনিধি:
বিএনপির নাম ব্যবহার করে কেউ উচ্ছৃঙ্খল আচরণ, বিশৃঙ্খলা কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক।
তিনি বলেন, দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না। জনগণের আস্থা ও ভালোবাসা অর্জনের মধ্য দিয়ে রাজনীতি করতে হবে। নেতাকর্মীদের দায়িত্বশীল আচরণ করতে হবে এবং দলের শৃঙ্খলা বজায় রাখতে হবে।
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) বিকেলে চাঁদপুর জেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশপ্রেম ও জাতীয়তাবাদী চেতনা ধারণ করেই বিএনপি এগিয়ে যাচ্ছে। দেশ ও জনগণের কল্যাণে দলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদের দোসররা এখনো দেশে সক্রিয় রয়েছে। পাশাপাশি নতুন করে নব্য ফ্যাসিবাদের জন্ম হয়েছে। পুরোনো ফ্যাসিবাদীরা নব্য ফ্যাসিবাদকে সহযোগিতা করছে। এ বিষয়ে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে, যাতে কোনো অপশক্তি দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে না পারে।
বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, কোনো বিভেদ, হিংসা কিংবা ব্যক্তিস্বার্থ যেন দলের সাংগঠনিক শক্তিকে দুর্বল করতে না পারে। জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে।
জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামানের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, মো. খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু ও ডি.এম. শাহজাহান; চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশীদ; সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালীসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা জাসাসের সদস্য সচিব মো. মোবারক শিকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মাসুদ মাঝি, সদস্য সচিব শামসুল আরেফিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামসুল আলম সূর্য, জেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন পাটওয়ারী ও সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগসহ অন্যান্য নেতাকর্মীরা।














