আল আমিন, নওগাঁ প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ-৪ (মান্দা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল ও সুশৃঙ্খল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। দলটির প্রতীক দাঁড়িপাল্লার সমর্থনে এই বর্ণাঢ্য আয়োজনে কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক অংশ নেন, যা পুরো উপজেলায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।
শনিবার (২২ নভেম্বর) সকালে মান্দা এসসি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন থেকে এই শোভাযাত্রার শুভ উদ্বোধন করা হয়। শুরুর পরপরই কয়েক কিলোমিটার দীর্ঘ এই সুশৃঙ্খল মোটরসাইকেল বহরটি এলাকাজুড়ে ব্যাপক সাড়া ফেলে। প্রত্যক্ষদর্শীরা বিশাল এই বহরের শৃঙ্খলা ও সংগঠন দক্ষতার বিশেষ প্রশংসা করেন।
উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি ফেরিঘাট বাসস্ট্যান্ড, সুতিহাট, জলছত্র মোড়, মৈনম, কুলিহার, পাজরভাঙ্গা, জোত বাজার, নতুন ব্রিজ অতিক্রম করে বিজয়পুর ও দেলুবাড়ি হয়ে অবশেষে সাবাইহাট বাজারে গিয়ে শেষ হয়। শোভাযাত্রাটি যেসব এলাকা অতিক্রম করে, সেখানে শত শত সাধারণ মানুষ রাস্তার দুই পাশে দাঁড়িয়ে অভিবাদন জানান। শিশু, কিশোর, তরুণ-তরুণী ও নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো এলাকাকে মুখরিত করে তোলে। দাঁড়িপাল্লার স্লোগানে স্লোগানে চারদিকে এক ভিন্ন আমেজ তৈরি হয়।
শোভাযাত্রায় নেতৃত্ব দেন নওগাঁ জেলা আমীর এবং মান্দা আসনে দাঁড়িপাল্লা প্রতীকের এমপি পদপ্রার্থী খন্দকার আব্দুর রাকিব।
এতে আরও উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য ও চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোস্তফা আল আমিন, সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রশিদ, থানা আমীর মাওলানা আমিনুল ইসলাম, থানা সেক্রেটারি মোয়াজ্জেম হোসেন, সহকারী সেক্রেটারি ইলিয়াস আলী খান, উপজেলার সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রাকিব, যুব জামায়াত সভাপতি আব্দুল মালেকসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও তেতুলিয়া, মান্দা ও নুরুল্লাবাদ ইউনিয়নের চেয়ারম্যানরাও এই আয়োজনে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, যুব বিভাগ, শ্রমিক কল্যাণ ফেডারেশন, আইনজীবী ফোরাম, ব্যবসায়ী ফোরাম, পেশাজীবী ফোরাম এবং ন্যাশনাল ডক্টরস ফোরামসহ জামায়াতের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও সক্রিয়ভাবে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
উদ্বোধনী বক্তব্যে এমপি পদপ্রার্থী খন্দকার আব্দুর রাকিব এই বিশাল আয়োজনের উদ্দেশ্য ব্যাখ্যা করেন। তিনি বলেন “আজকের এই শোভাযাত্রা কোনো শক্তির প্রদর্শন নয়; এটি ইসলামের পক্ষে গণজাগরণ। মানুষের মন এখন ইসলামের দিকেই ঝুঁকছে। আগামীর মান্দা হবে দাঁড়িপাল্লার মান্দা।”
শোভাযাত্রার মাধ্যমে মান্দা আসনে জামায়াতে ইসলামীর শক্ত সাংগঠনিক অবস্থান ও জনসমর্থনের বহিঃপ্রকাশ ঘটলো বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।
আরো পড়ুন: https://banglaralo24tv.com/












