চাঁদপুর (ডিজিটাল) প্রতিনিধি:
চাঁদপুরের শাহরাস্তিতে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে আমিনুল ইসলাম (৬৪) নামের এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২১ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের উল্লাশ্বর এলাকা থেকে তাকে আটক করা হয়। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উল্লাশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ওই শিক্ষার্থী প্রতিদিন আমিনুল ইসলামের বাসায় আরবি পড়তে যেত। অভিযোগ রয়েছে, এই সুযোগে শিক্ষক আমিনুল ইসলাম শিশুটির বিভিন্ন স্পর্শকাতর স্থানে আপত্তিকরভাবে হাত দেন।
সোমবার সকালে আরবি পড়তে গেলে পুনরায় একই ঘটনা ঘটলে শিশুটি বিদ্যালয়ে গিয়ে কান্নায় ভেঙে পড়ে। বিষয়টি বিদ্যালয়ের শিক্ষিকা সামছুন্নাহারের নজরে এলে শিশুটি তার কাছে পুরো ঘটনা খুলে বলে। পরে শিক্ষিকা পরিবারকে বিষয়টি জানান। পরিবারের পক্ষ থেকে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেনকে অবহিত করা হলে তিনি শাহরাস্তি মডেল থানায় বিষয়টি জানান।
সংবাদ পেয়ে শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান তাৎক্ষণিকভাবে শিশুটির সঙ্গে কথা বলেন এবং গভীর রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করেন। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।
ওসি মীর মাহবুবুর রহমান জানান, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।














