Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা

স্টাফ রির্পোটার:

বান্দরবানের আলীকদমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে ইট প্রস্তুত এবং বনের কাঠ পুড়িয়ে পরিবেশ দূষণের দায়ে তিনটি ইটভাটাকে মোট ৬ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৯ এপ্রিল) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ডাদেশ দেওয়া হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বনাঞ্চলের গাছ ব্যবহার করে ইট পোড়ানো এবং যথাযথ লাইসেন্স না থাকার অভিযোগে ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩’ এর বিভিন্ন ধারায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনজুর আলম

অভিযানে উপজেলার তিনটি বড় ইটভাটার মালিককে ভিন্ন ভিন্ন অংকের জরিমানা করা হয়:

  • ABM ইটভাটা: চারাবটতলী এলাকায় অবস্থিত এই ভাটার মালিক সামশু উদ্দিনকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
  • UBM ইটভাটা: আমতলী এলাকার এই ভাটার মালিক জামাল উদ্দিনকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
  • FBM ইটভাটা: আলী বাজার এলাকার এই ভাটার মালিক শওকত তালুকদারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

আদালত সূত্রে জানা যায়, এই ইটভাটাগুলোকে ইতিপূর্বেও কয়েক দফায় জরিমানা করা হয়েছিল এবং আইন মেনে চলার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছিল। কিন্তু প্রশাসনের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে পুনরায় বনের কাঠ পোড়ানো এবং অবৈধ কার্যক্রম চালিয়ে যাওয়ায় এবার বড় অংকের আর্থিক দণ্ড দেওয়া হয়েছে।

অভিযান চলাকালীন আলীকদম থানা পুলিশের একটি দল এবং বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত থেকে সহায়তা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম সংবাদমাধ্যমকে জানান, “পরিবেশ রক্ষা এবং বনের কাঠ উজাড় রোধে প্রশাসনের এই অবস্থান অত্যন্ত কঠোর। বারবার সতর্ক করার পরও যারা আইন অমান্য করছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। জনস্বার্থে এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এ ধরণের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।”

এলাকাবাসীর অভিযোগ, পাহাড়ের পাদদেশে অবস্থিত এই ইটভাটাগুলো দীর্ঘ দিন ধরে বনের কাঠ ব্যবহার করে পরিবেশের মারাত্মক ক্ষতি করে আসছিল। প্রশাসনের এই তড়িৎ পদক্ষেপে স্থানীয় সচেতন মহলে স্বস্তি নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts