নওগাঁর মান্দায় সরকারি নির্দেশনা অমান্য করে লরি থেকে তেল নামিয়ে অবৈধভাবে মজুত করার সময় দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ এপ্রিল) গভীর রাতে উপজেলার বৈদ্যপুর বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে ঘটনাস্থল থেকে প্রায় ৫ হাজার ১০০ লিটার ডিজেল, একটি তেলবাহী লরি এবং নগদ ৫৫ হাজার টাকা জব্দ করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন:
এরশাদ আলী (৪০): মান্দা উপজেলার চকবাবন গ্রামের ইদ্রিস আলীর ছেলে (ব্যবসায়ী)।
পুলিশ সূত্রে জানা গেছে, বৈদ্যপুর বাজারে একটি চক্র দীর্ঘ দিন ধরে গভীর রাতে লরি থেকে তেল নামিয়ে অবৈধভাবে মজুত করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে মান্দা থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশ পৌঁছালে দেখা যায়, বাজারে কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে লরি থেকে তেল নামিয়ে গুদামজাত করা হচ্ছিল। এ সময় হাতেনাতে এরশাদ ও আনোয়ারকে গ্রেপ্তার করা গেলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যান লরি চালক আজমত আলী (৫৪) ও তার সহযোগী তারেক রহমান (২৩)। পলাতক দুজনের বাড়িই সিরাজগঞ্জ জেলায়।
এ বিষয়ে মান্দা থানার ওসি (তদন্ত) আব্দুল গনি জানান, তেলের অবৈধ মজুত ও কালোবাজারি রোধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। তিনি বলেন:
”ঘটনায় পুলিশ বাদী হয়ে চারজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। গ্রেপ্তারকৃত দুইজনকে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”
স্থানীয়দের অভিযোগ, একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করে আসছিল। এই অভিযানের ফলে সাধারণ কৃষক ও ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরেছে।